যশোরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের সঙ্গে বজ্রপাতে একজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন।


মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর সরদারপাড়ায় বজ্রপাতে লুৎফর সরদার (৬০) নামে এক ব্যক্তি মারা যান। অন্যদিকে, ঝড়ের সময় আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


ঝড়ের তীব্রতায় মণিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়ে অবস্থিত দেশের অন্যতম বড় ভাসমান সেতুটি বিচ্ছিন্ন হয়ে ভেসে গেছে। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের।


এদিকে যশোর-বেনাপোল মহাসড়কে বড় গাছ উপড়ে পড়ে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাছ সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


ঝিকরগাছা উপজেলায় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু গাছপালা উপড়ে পড়েছে।


ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।


প্রশাসনের পক্ষ থেকে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে বলে জানা গেছে।