যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া মাদ্রাসার পাশের একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান (৬৮) স্থানীয়ভাবে সার ও সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড-এর পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে নিজ মালিকানাধীন মার্কেটের সামনে বসে থাকা অবস্থায় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতের দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নওয়াপাড়া এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী নেতারা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শাহ জালাল হোসেন বলেন, প্রকাশ্যে এমন হামলার ঘটনায় ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
অভয়নগর থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নওয়াপাড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘাট ও গুদামে পণ্য ওঠানামা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যবসায়ীরা।





