মার্কিন শুল্ক আরোপের পর ভারতের কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান নিয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এবং নতুন বাজার অনুসন্ধানের চেষ্টা অব্যাহত রাখবে।
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে গত সপ্তাহে মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর নয়াদিল্লি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গত শুক্রবার বক্তব্য দিতে গিয়ে গয়াল বলেন, “যদি কেউ আমাদের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, ভারত সর্বদা প্রস্তুত। কিন্তু আমরা কারও কাছে মাথা নত করব না, কখনও দুর্বলতা দেখাব না।” তিনি জানান, ভারত নতুন বাজার দখলের চেষ্টা চালাবে।
চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস ফেরার পর থেকে শুল্ককে ব্যবহার করেছেন, যা বিশ্ববাণিজ্যে প্রভাব ফেলেছে। ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপ দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি করেছে। নয়াদিল্লি এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে। কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ে দুই দেশের বাণিজ্য আলোচনা থমকে গেছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, শুল্কের কারণে ভারত থেকে পোশাক, সামুদ্রিক খাবার ও গহনার ক্রয়াদেশ বাতিল হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের শঙ্কা তৈরি হয়েছে।
গয়াল বলেন, “ভারত সরকার প্রতিটি খাতকে সহায়তা করবে এবং রপ্তানি বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এ বছর ভারতের রপ্তানি ২০২৪-২৫ সালের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।”





