যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ ছিল কি না, তা তদন্ত করে দেখছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
রোববার ভোরে অস্টিনের সিক্সথ স্ট্রিট এলাকার একটি বারের সামনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী পিস্তল ও রাইফেল ব্যবহার করে গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুলি করে হত্যা করে।
অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি এসইউভি গাড়িতে করে কয়েকবার বারের সামনে ঘোরাফেরা করেন। পরে গাড়ির জানালা থেকে গুলি ছোড়েন। এরপর গাড়ি থামিয়ে রাইফেল হাতে নিয়ে রাস্তায় থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামলাকারীর নাম নিদিয়াগা দিয়াগনে, বয়স ৫৩ বছর। তার পরনে ইরানের পতাকার নকশা সংবলিত পোশাক ছিল এবং সেখানে ধর্মীয় স্লোগান লেখা ছিল বলে এক আইনশৃঙ্খলা কর্মকর্তা জানিয়েছেন।
হামলার একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই।





