মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেহরান এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিক কোনো চুক্তির সম্ভাবনা প্রায় নেই।
একই সময়ে তেহরান, কোম, ইসফাহান, খোররামাবাদ ও শিরাজসহ বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় একটি গোপন চ্যানেলের মাধ্যমে সীমিত যোগাযোগ চলছিল, যার মাধ্যমে কাতার থেকে এলএনজিবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। তবে নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই যোগাযোগ ব্যবস্থাও কার্যত বন্ধ হয়ে গেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত একটি স্পষ্ট সামরিক বার্তা। তেহরান জানিয়েছে, বোমা হামলার মুখে তারা কোনো আলোচনা বা চাপের মুখে শর্ত মেনে নেবে না।
তবে পরোক্ষ যোগাযোগ এখনো চালু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তার বরাতে বলা হয়, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবির প্রতি অসম্মতি জানাতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল





