ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ সতর্কবার্তা দিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে প্রস্তুত ইরান। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সংঘাত তীব্র হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খোলার বিষয়ে দেওয়া আলটিমেটাম পুনর্ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে।

এর জবাবে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক অবকাঠামোয় হামলা চালায়, তবে ইরানও পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে ইরানের প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে।