ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।


রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


মুন্না দাবি করেন, সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টাল ব্যবহার করে একটি মহল যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি বলেন, যুবদলের বর্তমান জনপ্রিয়তা দেখেই কিছু মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।


তিনি আরও বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়ে অপপ্রচারকারীরা কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। “জনগণের রায় কাগজে কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়। এটি মানুষের হৃদয়ে লেখা, আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে।”


মুন্না বলেন, নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত চেষ্টার অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টাল ব্যবহার করে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে থামানো সম্ভব নয়।


সম্প্রতি সারাদেশে যুবদলকে কেন্দ্র করে ঘটানো কিছু ঘটনাকে উদ্দেশ্যপ্রণীত ও মিথ্যা দাবি আখ্যা দিয়ে আব্দুল মোনায়েম মুন্না বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও এবং আবেগকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা?” তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না।