দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগেই হতদরিদ্র পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

নীতিমালা অনুযায়ী, সব শ্রেণির মানুষ এই সুবিধার আওতায় আসবেন না। ছয় শ্রেণির নাগরিককে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। তারা হলেন—
১. পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে
২. বাড়িতে এসি ব্যবহারকারী পরিবার
৩. গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক
৪. পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে
৫. বাণিজ্যিক লাইসেন্সধারী ব্যক্তি
৬. বড় ব্যবসার মালিক পরিবার

ফ্যামিলি কার্ডের আওতায় প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে সবাই এই সুবিধা পাবে বলে জানিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ চূড়ান্ত করেছে। নীতিমালার মূল লক্ষ্য হলো ব্যক্তি নয়, পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করা। শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।