রংপুরে এক ছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। সোমবার রাত আটটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড়ে ঘটনাটি ঘটে।


\r\n

পুলিশ জানায়, আটক দুই যুবক—রাগিব হাসনাইন (৩০) এবং রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)—কে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাকিবুল রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা মামলার ১ নম্বর আসামি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এটি খেলনা নাকি কার্যকর অস্ত্র, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে। অস্ত্র হিসেবে প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হবে।


\r\n

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ জানান, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। “আমরা একটিপিস্তল উদ্ধার করেছি। এটি ফায়ারিং পিস্তল কি না, তা পরীক্ষা করা হবে,” তিনি বলেন।


\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুই স্কুলছাত্রের মধ্যে বাকবিতণ্ডা চলাকালীন রাগিব ও তুষার সেখানে যান। এক পর্যায়ে রাকিবুল এক ছাত্রের মাথায় পিস্তল ঠেকালে উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে তাদের আটকে মারধর করে পুলিশের হাতে দেয়।


\r\n

ঘটনার পর রাতেই থানা এলাকায় অবস্থান নেন এনসিপির কয়েকজন নেতা। তাঁরা আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরী দাবি করেন, ঘটনাটি ভুলভাবে তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, “রাগিব আমাদের সদস্য, রাকিবুল সমর্থক। রাকিবুলের ভাগ্নেকে মারধর করা হয়েছে—এ খবর শুনে তাঁরা গিয়েছিলেন। কিন্তু মব তৈরি করে খেলনা পিস্তল দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”