রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রোববার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় তাদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা থাকলেও একাধিকবার যোগাযোগ করেও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে মোমবাতির আলোতেই পরীক্ষা নেওয়া হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, বলদিপুকুর সাবস্টেশন থেকে সরবরাহকৃত লাইনে আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে বিকল্প সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, কেন্দ্রসচিব আগাম বিষয়টি জানালে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।