ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রচারণার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরে ‘নির্বাচনী পদযাত্রা’ শুরু করতে যাচ্ছে। দলের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুরে পদযাত্রা শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, পদযাত্রার মাধ্যমে এনসিপি তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ সাধারণ মানুষের কাছে পরিচিত করবে এবং আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবে।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় পীরগাছা সরকারি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও উপস্থিত থাকবেন।
এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন জানান, পদযাত্রার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে ‘শাপলা কলি’ প্রতীক পরিচিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য জনমত তৈরি করা।
দলীয় সূত্র আরও জানায়, রংপুর সফরের পরে এনসিপি উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে জনসভা আয়োজন করবে। পরবর্তীতে নাটোরে জনসভা এবং রাজশাহীতে পথসভা করার কর্মসূচিও রয়েছে।





