রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে। নির্বাচন শেষে ভোট গণনা হবে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
\r\nআজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
\r\nভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলাভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশচন্দ্র একাডেমিক ভবনের দুটি করে কেন্দ্রে এবং জুবেরী ভবনের একটি কেন্দ্রে।
\r\nপ্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনার পুরো প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। তিনি বলেন, \"নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।\"
\r\nনিরাপত্তা নিয়ে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার বলেন, \"নির্বাচন ঘিরে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তার তিন স্তর গড়ে তোলা হবে। প্রায় দুই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। ভোট গণনার স্থানগুলো বিশেষ নজরদারিতে থাকবে।\"
\r\nবিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, \"নিরাপত্তা পরিকল্পনায় রয়েছে—প্রথমত ভোটকেন্দ্রগুলোর সুরক্ষা, দ্বিতীয়ত পুরো ক্যাম্পাসের নিরাপত্তা এবং তৃতীয়ত—পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।\"
\r\nএদিকে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি মিডিয়া কর্নার উদ্বোধন করেন।
\r\nসাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, \"রাকসু নির্বাচনের স্বচ্ছতা ও পরিবেশ সম্পর্কে দেশবাসীর আগ্রহ অনেক। মিডিয়ার মাধ্যমেই দেশবাসী জানতে পারবে নির্বাচন কীভাবে হচ্ছে। মিডিয়া কর্নারে ইন্টারনেটসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।\"





