ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার দিনেই রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নেতাদের বিরুদ্ধে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ওই পোস্টে রাকসুর জিএসকে উদ্দেশ্য করে তিনি বিভিন্ন ইঙ্গিতপূর্ণ ও ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন। পোস্টটিতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও মন্তব্যের মাধ্যমে সম্মতি জানান বলে জানা গেছে।

পরে শনিবার ওই পোস্টে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ মোট ছয়জন মন্তব্য করেন। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান বাবু এক মন্তব্যে সালাহউদ্দিন আম্মারের বিষয়ে আল্লাহর কাছে দোয়ার কথা উল্লেখ করেন, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

হুমকির বিষয়ে প্রতিক্রিয়ায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তিনি সরাসরি পোস্টটি দেখেননি, তবে বিষয়টি তাকে জানানো হয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে আগেও তাকে ‘নেক্সট টার্গেট’ উল্লেখ করে এ ধরনের পোস্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব হুমকিকে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না এবং এতে তিনি ভীত বা সন্ত্রস্ত নন। তার ভাষায়, “আল্লাহ যে জীবন দিয়েছেন, আল্লাহই তা নেবেন। এ জন্য আমি ঘর থেকে বের হবো না বা প্রোটোকল বাড়াবো—বিষয়টা এমন নয়।”