ঢালিউড তারকা আরিফিন শুভ-এর নামে রাজউক বরাদ্দ করা একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এ ঘটনায় শুভর পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনন্য মামুন।
২০২৩ সালে রাজউকের সংরক্ষিত কোটায় ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পান আরিফিন শুভ। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন ফেসবুকে শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি আরও লেখেন, “ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি খুব কম দেখেছি। তুমি এখন বলিউডের শিল্প, নতুন কিছু হবে।”
উল্লেখ্য, রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিদের প্লট দেওয়া হয়, যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন। এই ধারায় ২০২৩ সালের ২৭ নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে উপপরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে আরিফিন শুভকে প্লটটি বরাদ্দ করা হয়।
বলা হয়ে থাকে, বঙ্গবন্ধু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই প্লট শুভকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। প্লট বাতিলের বিষয়ে এখনো রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢালিউড অঙ্গনে।





