রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)। বিষয়টি মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন।
রমনা বিভাগের গোয়েন্দা সূত্রে জানা যায়, সোমবার গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা এসব পিস্তল নিজেরা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করার উদ্দেশ্যে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। কদমতলী থানায় অস্ত্র ও মাদক জব্দের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।





