রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি অংশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ করে মিছিল শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলকারীরা মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে, স্লোগান দেওয়ার পরপরই ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।
ঘটনার বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশে ছিল—তা যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





