দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর শেষ বয়সে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম।
শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার মডেল মসজিদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীতে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতের চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা আমির মিজানুর রহমানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন।
যোগদানের কারণ ব্যাখ্যা করে দিদারুল আলম বলেন, “দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামী যে আদর্শ ও কার্যক্রম অনুসরণ করে, তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি এই দলের মাধ্যমেই ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন, “দিদারুল আলম নিজেই জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। আজ সকালের দায়িত্বশীল সমাবেশে তিনি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হন।”
এদিকে এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির বলেন, “দিদারুল আলমের জামায়াতে যোগদানের বিষয়ে আমি অবগত নই।”
জানা গেছে, দিদারুল আলমের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তার দাদা ছিলেন স্থানীয় কামিল মাদ্রাসা ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।





