রাজশাহীতে শুরু হয়েছে ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, মেহেরাব হোসেন অপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।

আয়োজকরা জানান, অনূর্ধ্ব  ১৬ ও ১৮ দলের সম্ভাবনাময় খেলোয়াড়দের জন্য আরও একবার নিজেকে প্রমাণের সুযোগ দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যারা আগে সুযোগ পেয়েও বাদ পড়েছেন, তাদের জন্য এটি ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।

এ গ্রুপে রয়েছে নাটোর, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জ। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।


বি গ্রুপে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলা। এই গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।


উদ্বোধনী দিনে রাজশাহীর মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নাটোর ও সিরাজগঞ্জ জেলা দল। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী খেলা উপভোগ করেন স্থানীয় দর্শকরা।

এ টুর্নামেন্ট থেকে ভবিষ্যৎ জাতীয় দল ও বিপিএলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের প্রত্যাশা করছে বিসিবি ও আয়োজকরা।