সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণার একদিন পর দুঃখ প্রকাশ করেছেন মোতালেব হোসেন।

\r\n

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পরদিনই ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন।

\r\n

শনিবার (৬ ডিসেম্বর) নিজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, আগের এক পোস্টে জেলা এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের সমালোচনা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে জড়িয়ে ফেলেছিলেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

\r\n

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছিলেন যে, সাইফুল ইসলামকে এনসিপির রাজশাহী জেলা কমিটিতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করেছেন ইমরান ইমন। একই পোস্টে তিনি দাবি করেন, সারজিস আলমকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি, যা তার সম্পৃক্ততার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন। সেই স্ট্যাটাসেই তিনি সারজিস আলমকে ‘রাজশাহীর মাটিতে অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

\r\n

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় ঘোষণায় সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি গঠনের পর থেকেই একাংশ তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতা করছে। এ নিয়ে কমিটির পাঁচ সদস্য ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

\r\n

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোতালেব হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।