বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ (২৯ জানুয়ারি) রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বেলা ১১:০৫ মিনিটে গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।


দুই দশক পর আজ রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান। দুপুর ১২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তার সফরের অংশ হিসেবে রাজশাহী ছাড়াও নওগাঁ ও বগুড়ার সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বিএনপি মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে।


রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ জেলাকে কেন্দ্র করে আয়োজিত এই নির্বাচনি জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতৃত্বের লক্ষ্য, রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম নিশ্চিত করা।


স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। ২২ বছর পর আজ তিনি আবার শহরে ফিরছেন। জনসভায় তিন জেলার মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি।


প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে নওগাঁ হয়ে পিতার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে বক্তব্য রাখার পর রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নেবেন। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।


সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকাল ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনি এলাকা চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভায় অংশ নেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায়ের পর বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় যোগ দেবেন।