আসন্ন জাতীয় নির্বাচনের আগে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ রাজশাহী বিভাগের চার জেলায় সফর করছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।


দিনব্যাপী এই সফরে তিনি একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। নির্বাচনের আগে এই অঞ্চলেই এটি তার শেষ নির্বাচনী সফর।


সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান সকাল ১১টায় নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বেলা সাড়ে ১২টায় বক্তব্য রাখবেন।


দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এসব সভায় জোটের শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।


দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় নাটোরে যাবেন জামায়াত আমির। সেখানে নবাব সিরাজ-উদ্দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে রাতে নাটোরে অবস্থান করবেন এবং পরদিন ৬ ফেব্রুয়ারি বরিশালের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।