রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে হাসপাতালের মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই দুই শিশুর মৃত্যু হয়। এতে করে হাসপাতালে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।
বর্তমানে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে ১৩৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২০ জন শিশু, আর একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন।
নতুন ও পুরোনো রোগী মিলিয়ে বিপুল সংখ্যক শিশু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।





