ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকালে এক উঠান বৈঠকের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সংগঠনে নিজেদের অন্তর্ভুক্ত করেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গণঅধিকার পরিষদের রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলমসহ এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যেই তারা জামায়াতে ইসলামীর প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। তারা নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রতি আস্থাও প্রকাশ করেন।
অনুষ্ঠানে জামায়াত নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সংগঠনকে শক্তিশালী করতে সকলের প্রতি একসাথে কাজ করার ডাক দেন।





