জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সেবায় নাশকতা চালানো একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে চুরি হওয়া ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা টিএনটি পাড়ার মৃত মমতাজের ছেলে মোঃ মুনসুর (৪৮), শিধইল বম্বু এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে আহসানুর ইসলাম (৩৫) এবং সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার আবু তালেব মন্ডলের ছেলে শাহারুল ইসলাম (৫০)। 


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মার্চ ভোরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া গ্রাম থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মিজানুর রহমান বাদী হয়ে একই দিনে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ডিবি পুলিশ চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়িতে তল্লাশির সময় উদ্ধার করা হয়— চুরি হওয়া একটি সম্পূর্ণ ট্রান্সফরমার, ট্রান্সমিটার ট্যাংক সংযুক্ত করার হ্যাঙ্গার, ট্রান্সমিটার ট্যাংকের ভেতরের কয়েল, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। 


ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার সদস্যদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাচ্ছে এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।