রাত জাগা মানুষের শরীর ও মনের ওপর ফেলছে মারাত্মক প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রাত জাগলে শরীর ঘুম–বঞ্চনার শিকার হয়, যার প্রভাব পড়ে মস্তিষ্ক, হরমোন, এমনকি হৃদযন্ত্রেও।

গবেষণা অনুযায়ী, পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায়। বাড়ে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশার ঝুঁকি। একই সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই আক্রান্ত হওয়া যায় সর্দি-কাশি কিংবা অন্যান্য সংক্রমণে।

এ ছাড়া রাত জাগার কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, বেড়ে যায় ক্ষুধা ও অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা। এর ফলে ওজন বাড়ে এবং ডায়াবেটিসসহ নানা জটিল রোগের ঝুঁকি তৈরি হয়।

চিকিৎসকরা বলছেন, নিয়মিত রাত জাগা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। একই সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া, ত্বক মলিন হওয়া আর ডার্ক সার্কেলের সমস্যাও দেখা দেয়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ—শরীর ও মনের সুস্থতার জন্য প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করা জরুরি।