রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন আওয়ামীপন্থি ডিনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মেয়াদ বাড়িয়েছে। বিষয়টি জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। এ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, তিনি আগামীকাল একদিনের আলটিমেটামে ডিনদের পদত্যাগের দাবি জানিয়েছেন।

২০২৩ সালের ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিত ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে জয় লাভ করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল। জয়ী অনুষদগুলো হলো: আইন, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল এবং ভূ-বিজ্ঞান।

হলুদ প্যানেল থেকে নির্বাচিত ডিনরা হলেন:

আইন অনুষদ: আবু নাসের মো. ওয়াহিদ

বিজ্ঞান অনুষদ: ড. নাসিমা আখতার

ব্যবসা শিক্ষা অনুষদ: ড. এ.এস.এম. কামরুজ্জামান

সামাজিক বিজ্ঞান অনুষদ: এস.এম. একরাম উল্লাহ

প্রকৌশল অনুষদ: বিমল কুমার প্রামাণিক

ভূ-বিজ্ঞান অনুষদ: এ.এইচ.এম. সেলিম রেজা

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, “ডিন পদ কেবল প্রশাসনিক নয়, এটি শিক্ষার্থীদের ওপর নৈতিক ও আদর্শিক প্রভাব বিস্তার করে। মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও আওয়ামীপন্থি ডিনদের দায়িত্বে রাখা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও নিরপেক্ষ নীতির সঙ্গে সাংঘর্ষিক।”

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “আওয়ামীপন্থি ডিনরা এখনও দায়িত্বে রয়েছেন। প্রশাসন তাদের মেয়াদ বাড়িয়েছে। আজকে তাদের সম্মানের সাথে পদত্যাগের সময় দিলাম, আগামীকাল অফিসে গিয়ে বাকিটা দেখাব।” তিনি শিক্ষার্থীদেরও আগামীকাল সকাল ১০টায় রাকসু ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ জানিয়েছেন, ডিনদের মেয়াদ বাড়ানো হয়েছে ভর্তি পরীক্ষা ও সমাবর্তন অনুষ্ঠানকে প্রভাবিত না করার জন্য। ডিনরা রুটিন দায়িত্ব পালন করবেন, তবে সিন্ডিকেট মিটিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারবেন না।

এ ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক উত্তেজনা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।