রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদী এম.ফিল ও ৩ বছর মেয়াদী পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০১ মার্চ থেকে ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ভর্তির যোগ্যতা ও শর্তাবলি
ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, জীব বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান, আইন ও বিজনেস স্টাডিজসহ বিভিন্ন অনুষদ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এম.ফিল প্রোগ্রাম: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তরে অনুষদভেদে সিজিপিএ ৩.২৫ (৪.০০ স্কেলে) বা নির্ধারিত শতাংশ নম্বর থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকলে শর্ত শিথিলযোগ্য।
পিএইচ.ডি প্রোগ্রাম: সাধারণত এম.ফিল ডিগ্রিধারী বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও বিশেষ যোগ্যতা ও শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
ফেলোশিপ ও আর্থিক সুবিধা
ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের বিধি মোতাবেক এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে ফেলোশিপ প্রদান করা হবে:
এম.ফিল: মাসিক ১৫,০০০/- টাকা (২ বছর মেয়াদী)
পিএইচ.ডি: মাসিক ২০,০০০/- টাকা (৩ বছর মেয়াদী)।
আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা:
আগ্রহী প্রার্থীদের অগ্রণী ব্যাংকের মাধ্যমে পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অনুকূলে ১৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদান করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আগামী ১৪ মে, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং ভর্তি ও কোর্সওয়ার্কের সময় প্রয়োজনীয় ছুটির অনুমতিপত্র জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd/ies) থেকে জানা যাবে।





