রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে প্রায় ২ হাজার ৩০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিবিসি। এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কুর্স্ক অঞ্চলে রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের পর কুর্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করতে অন্তত ১১ হাজার উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধে নিহত সেনাদের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, সেনা সহায়তার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে খাদ্য, অর্থ এবং প্রযুক্তিগত সহায়তা পেয়েছে পিয়ংইয়ং।

এদিকে, ২০২৫ সালের অক্টোবরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে রাজধানী পিয়ংইয়ংয়ের হোয়াসং জেলায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশ দেন কিম জং উন।

সূত্র: বিবিসি।