রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এই যুদ্ধবিরতি মেনে চলবে।
ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে, শনিবার মস্কো সময় বিকেল ৪টা (GMT ১৩:০০) থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে এবং রোববার মধ্যরাত পর্যন্ত চলবে। এটি দুই দেশেই উদযাপিত ইস্টার উৎসবকে কেন্দ্র করে কার্যকর থাকবে।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, “আমরা ধরে নিচ্ছি ইউক্রেনও রাশিয়ার মতোই এই পদক্ষেপ অনুসরণ করবে।”
এতে আরও বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে এই সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে কোনো ধরনের লঙ্ঘন হলে রুশ বাহিনী জবাব দিতে প্রস্তুত থাকবে।
জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা একই ধরনের পদক্ষেপ নেবে।
তিনি টেলিগ্রামে লিখেছেন, “ইউক্রেন বারবার বলেছে, আমরা পারস্পরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। আমরা এই বছরের ইস্টার ছুটিতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি এবং সেই অনুযায়ীই কাজ করব।”
তিনি আরও বলেন, “মানুষের প্রয়োজন একটি নিরাপদ ইস্টার, যেখানে কোনো হুমকি থাকবে না এবং শান্তির দিকে বাস্তব অগ্রগতি হবে।”
তবে ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, রুশ আর্টিলারি ও বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন।
তিনি বলেন, “শত্রুরা তিনটি জেলায় প্রায় ৩০ বার ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে।”
এর আগে গত বছরও একই ধরনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছিল মস্কো, তবে দুই পক্ষই তখন একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছিল।
সূত্র: আল জাজিরা





