ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত গণঅধিকার পরিষদের প্রার্থী রাশেদ খানের প্রার্থিতা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাকে ওই নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের মেইন বাসস্ট্যান্ড টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ ও মুর্শিদা জামানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করেন। প্রায় এক ঘণ্টা চলা এই অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাশেদ খান এই সংসদীয় আসনের বাসিন্দা নন। কয়েক দিন আগেও তিনি ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন। তাদের দাবি, টাকার বিনিময়ে তাকে ঝিনাইদহ-৪ আসনে চাপিয়ে দেওয়া হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীরা মেনে নেবেন না।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং রাশেদ খানের প্রার্থিতা বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে প্রার্থী পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।