বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনায় দলটির তিনটি মূল প্রতিশ্রুতি তুলে ধরেছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে, যার ফলে চাঁদাবাজিসহ নানা ধরনের অরাজকতা ছড়িয়ে পড়ে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “যদি সবাই ধৈর্য ধরত, তাহলে আজ দেশকে চাঁদাবাজদের নিয়ন্ত্রণে থাকতে হতো না। আমরা চেষ্টা করেছি দলের নেতাকর্মীদের হেফাজতে রাখার। তবে কাউকে দেখিয়ে বহিষ্কার করিনি।”
তিনি অভিযোগ করে বলেন, “অতীতে জামায়াতের অনেক নেতাকে সাজানো মামলায় এবং প্রহসনের বিচারকাজের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”
জামায়াতের তিন দফা প্রতিশ্রুতি:
ডা. শফিকুর রহমান এ সময় রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামী যে তিনটি মৌলিক নীতিতে অঙ্গীকারবদ্ধ, তা তুলে ধরেন—
১. শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার
২. দুর্নীতি সম্পূর্ণ নির্মূল
৩. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
তিনি বলেন, “দেশকে একটি শান্তিপূর্ণ, সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





