বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এবার নতুন করে আগামী ২৯ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে ইতিমধ্যে ৮৮ বার সময় বাড়ানো হলো।

মঙ্গলবার (২৬ আগস্ট) ছিল প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত নতুন তারিখ দেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সেই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের ভেতরের একটি চক্রের সহযোগিতায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ অর্থ আত্মসাৎ করেছে।

ঘটনার পর একই বছরের ১৫ মার্চ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯ ধারায়।

\r\n\r\n\r\n\r\n\r\n

বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।