দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল।
এরপর ২০২3 সালের ১৫ মার্চ রিজার্ভ সর্বোচ্চ ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার ছিল। এর পর থেকে বিভিন্ন সময়ে রিজার্ভ ওঠানামা করলেও এবার তা সেই পর্যায় অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গ্রস রিজার্ভের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্দেশিত হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা এই পদ্ধতিতে হিসাব শুরুর পর থেকে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের জুন থেকে গ্রস রিজার্ভের পাশাপাশি আইএমএফের মানদণ্ড অনুযায়ী BPM6 পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ শুরু করে। ওই সময়ে BPM6 অনুযায়ী রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, আর গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার।
এর আগে, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তবে পরবর্তীতে ধারাবাহিক পতনে ২০২৪ সালের জুলাই শেষে রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। বর্তমানে সেই অবস্থান থেকে রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে।
বিশ্লেষকদের মতে, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কিছুটা বাড়ায় রিজার্ভে এ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।





