নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসান মিয়া নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার মধুখালী গ্রামে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে হাসান মিয়ার ঘরে প্রবেশ করে। সে সময় হাসান মিয়া বাড়িতে ছিলেন না। ডাকাতরা তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের হাত-পা বেঁধে ঘরে ব্যাপক লুটপাট চালায়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত চক্রটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য গত ১২ এপ্রিল একই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ডাকাতরা।