বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ৯ বছরের প্রেম ও একসঙ্গে থাকার পর নতুন করে জীবনের পথে পা রাখতে চলেছেন এই যুগল। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গত ১১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে রোনালদোর হাতে নিজের আংটি পরা হাতের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন জর্জিনা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, আমি রাজি… এই জীবনেও, এবং আমার সব পরবর্তী জন্মেও।”

রোনালদো-জর্জিনার বাগদানের খবরে নতুন করে আলোচনায় এসেছে রোনালদোর অতীত প্রেমের নানা অধ্যায়। প্যারিস হিলটন, কিম কার্দাশিয়ান থেকে শুরু করে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর নামও সেই তালিকায় উঠে এসেছে।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন বিপাশা বসু। ভিডিওটিতে দেখা যায়, তিনি পর্তুগালের লিসবনে এক মঞ্চে রোনালদোর সঙ্গে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে বিপাশা লেখেন, “আইকনিক স্টেজ মোমেন্ট: বিপাশা বসু উইথ রোনালদো।”

এই ভিডিও প্রকাশের পরই আলোচনায় ফিরে আসে সেই সময়কার বিতর্কিত একটি ছবি, যেখানে একটি পার্টিতে রোনালদোকে বিপাশার দিকে ঝুঁকে আসতে দেখা যায়। অনেকেই তখন ছবিটিকে চুম্বনের মুহূর্ত হিসেবে ব্যাখ্যা করেন, যা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়। সেই সময় বিপাশা সম্পর্কে ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। গুঞ্জন ওঠে, রোনালদোর সঙ্গে এই ঘটনার জেরেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

তবে পরে এক সাক্ষাৎকারে বিপাশা বিষয়টি পরিষ্কার করে জানান, রোনালদো কোনো চুম্বন করেননি। বরং পার্টির উচ্চ শব্দের কারণে তার সঙ্গে কথা বলার সময় রোনালদো তার দিকে ঝুঁকেছিলেন। ঘটনাটি ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এখন, যখন রোনালদো ও জর্জিনা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, তখন বিপাশার এই ভিডিও শেয়ার করাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি বিপাশা।

উল্লেখ্য, ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা—ক্রিস্তিয়ানো জুনিয়র, জমজ ইভা ও মাতেও, আলানা ও বেলা।