‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে ২০ বছর কর্মজীবন শেষে মো. মুসলিম (৭০) নামে মসজিদের এক খাদেমকে ঘোড়ার গাড়িয়ে চড়িয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। এসময় তাকে উপহার হিসেবে ২ লাখ টাকা দেওয়া হয়।
‎সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নতুন পোশাক পরিহিত খাদেমকে সাজানো গোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
‎মুসলিম রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা ও উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম ছিলেন। বিদায়ের মুহূর্তে মুসলিম আবেগাপ্লুত হয়ে পড়েন। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখে ছিল অশ্রু। দীর্ঘদিনের সখ্যতা আর ভালোবাসা যেন জমাট বাধে বিদায়ের সময়।
‎খাদেম মো. মুসলিম বলেন, দায়িত্বপালনে কখনও ত্রুটি ছিল না। মসজিদকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। শারীরিক অসুস্থতার কারণে এখন কাজ করতে পারছি না, এজন্য বিদায় নিতে হয়েছে। মসজিদ কমিটি আমাকে সম্মান দেখিয়েছেন।
‎মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, মুসলিম ২০ বছর ধরে এ মসজিদে খাদেম হিসেবে কাজ করেছেন। সবসময় মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন তিনি। এখন তার বয়স হয়েছে, শারীরিক সক্ষমতাও অনেকটা কমে গেছে। এজন্য তিনি অবসরে গেছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার প্রিয় ছিলেন।
‎মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, চেষ্টা করেছি মুসলিমকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। পাশাপাশি তার হাতে নগদ ২ লাখ টাকা সম্মানি তুলে দিয়েছি। মসজিদ কমিটি সবসময় তার পাশে থাকবে।