লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের পর এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। প্রিয় মালিককে পুলিশ হেফাজতে দেখে তাঁর পোষা বানর 'রাজা মিয়া' এখন থানা চত্বরে অবস্থান করছে এবং মালিকের খোঁজে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস এলাকা থেকে গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় গিয়াসের বিশেষ অনুরোধে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী বানর রাজা মিয়াকেও সঙ্গে করে থানায় নিয়ে আসা হয়। গত শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর শনিবার অটোরিকশাচালক রাজীবের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গিয়াসকে প্রধান আসামি করে মামলা করেছিলেন। হত্যাকাণ্ডের পর থেকেই গিয়াস তাঁর পোষা বানরসহ আত্মগোপনে ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক বছর ধরে রাজা মিয়াকে পরম মমতায় লালন-পালন করছেন গিয়াস উদ্দিন। বানরটি সবসময় তাঁর কাঁধেই থাকত। কিন্তু মালিককে লকআপে আটকে রাখার পর থেকেই বানরটি অস্থির হয়ে ওঠে। রাজা মিয়া কখনো থানার বারান্দায়, কখনো পুকুরঘাটে ঘুরে ঘুরে অদ্ভুত শব্দে মালিককে ডাকছে। অবুঝ প্রাণীটির এমন করুণ চাহনি দেখে থানায় আসা সাধারণ মানুষ ও কর্তব্যরত পুলিশ সদস্যরাও আবেগপ্রবণ হয়ে পড়ছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আসামিকে থানায় আনার পর থেকেই বানরটি আশপাশে অবস্থান করছে। সে কখনো থানার ভেতর দৌড়ঝাঁপ করছে, আবার কখনো গাছের ডালে বসে থাকছে। বিষয়টি ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে এবং তারা এসে দ্রুতই প্রাণীটিকে নিজেদের তত্ত্বাবধানে নেবে বলে নিশ্চিত করেছে।
এদিকে খুনের মামলার মতো গুরুতর বিষয়ের তদন্ত চললেও, থানা চত্বরে রাজা মিয়ার এমন বিরল মালিকভক্তি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। মানুষের মুখে মুখে এখন ফিরছে এক অপরাধী মালিকের প্রতি তাঁর অবুঝ পোষা প্রাণীর এই অকৃত্রিম ভালোবাসার গল্প।





