বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।


দেশে ফেরার আগে এটি তারেক রহমানের লন্ডনে শেষ রাজনৈতিক কর্মসূচি হবে। অনুষ্ঠানকালে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।


লন্ডনের স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। সময়সংক্রান্ত কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি।


যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সম্ভাব্য শেষ জনসভা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।


এদিকে আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রার সময় নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।