কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী এলাকায় উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।


মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।


লাইভে তিনি জানান, সংসদ সদস্য হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাই করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।


দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থা তিনি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগে এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান বজায় রেখে সময়মতো কাজ শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধীরগতিতে কাজ করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানান।


আসন্ন ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দ সম্পর্কেও তথ্য তুলে ধরেন তিনি। দেবীদ্বার পৌরসভায় ৩,০৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০,৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল সরাসরি প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানোর নির্দেশ স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে। এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন এবং দুইটি খাল পুনঃখননের পরিকল্পনার কথা উল্লেখ করেন।


সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন এমপি হাসনাত। এখানে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি এবং সরকারি সহায়তার যাবতীয় তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সচিবদের জন্য সতর্কবার্তা দেন। তার মূল লক্ষ্য সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।