রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শুরা সদস্য মাওলানা আবদুর রহিমের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার নিজ কক্ষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার (২৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে, তার নিজ বাড়িতে।
মাওলানা আবদুর রহিম ১৯৪১ সালের ৫ জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার প্রখ্যাত মুরুব্বি মাওলানা শেখ জী (রহ.)-এর তত্ত্বাবধানে শিক্ষা সম্পন্ন করেন এবং পরবর্তীতে লালবাগ মাদ্রাসায় যুক্ত হন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে মুফতি সাঈদ আহমাদ দেশবাসীর কাছে পিতার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।





