বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ড্রামে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার লাহিড়ী বাজার সংলগ্ন ধানতলা ইউনিয়নের শিল্পাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে এক ড্রাম পেট্রোল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ ড্রামে পেট্রোল মজুদ করে রাতের বেলায় প্রতি লিটার প্রায় ৩০০ টাকা দামে বিক্রি করতেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল হক। জব্দকৃত পেট্রোল পরবর্তীতে সরকারি নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





