লেবাননে গত বছরের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় অন্তত ২৪৫ জন নিহত এবং ৫১৬ জন আহত হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহ মধ্যকার যুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়।
লেবাননের প্রখ্যাত সংবাদপত্র আন-নাহার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল বারবার এ চুক্তি লঙ্ঘন করেছে। এর মধ্যে বৈরুতের উপশহরসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল যানবাহন, সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো।
সবশেষ হামলাটি ঘটেছে গত শুক্রবার (৮ আগস্ট)। ওইদিন সকালবেলা ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে একটি মোটরযানকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। ওই সংঘর্ষে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে আসছে। ইসরাইল দাবি করে, তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে।
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
যুদ্ধবিরতির আওতায় ইসরাইলকে ২০২৪ সালের ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল, তবে তারা তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও ইসরাইল এখনও পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।





