যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফা রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, আলোচনার মূল বিষয় হবে ইসরায়েলি আগ্রাসনের পূর্ণ অবসান, লেবানন ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েন এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন শুরু করা।
এর আগে প্রথম দফা আলোচনার পর ১৬ এপ্রিল থেকে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সেই যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
এদিকে নতুন দফার আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে আন্তর্জাতিক মহলে।
সূত্র: বিবিসি





