পাকিস্তান দাবি করছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় মধ্যস্থতার কারণে তাদের কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। প্রথম দফার আলোচনা সফল না হলেও দ্বিতীয় দফার উদ্যোগ চলছে।


এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আজ জেদ্দার উদ্দেশে রওনা দেবেন। সেখানে সৌদি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর কাতারে যাবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি ইস্যুতে আলোচনা করবেন।


পরে তিনি তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান–এর সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেবেন।


এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান অনুযায়ী, ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, অস্থায়ী বিরতির বদলে ওয়াশিংটন একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকা নিয়ে বিস্তৃত সমাধান থাকবে।


\r\n\r\n\r\n\r\n

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একই ধরনের অবস্থান জানিয়ে বলেছেন, সীমিত সমঝোতা নয়, বরং দীর্ঘমেয়াদি ও বিস্তৃত চুক্তিই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তবে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি থাকায় আলোচনা শেষ হতে সময় লাগতে পারে বলেও তিনি মন্তব্য করেন।