ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি স্পর্শ করে বিশ্ব ক্রিকেটের বিরল কাতারে জায়গা করে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার। নিজের শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বে মাত্র ১১তম ক্রিকেটার তিনি। টেস্ট ইতিহাসে এটি ১২তম ঘটনা।
বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মুশফিক তিন অঙ্ক থেকে মাত্র এক রান দূরে ছিলেন। ১৮৭ বলে পাঁচ চার মেরে ৯৯ রানে তিনি দিনের শুরু করেন। তার সঙ্গে ছিলেন লিটন দাস, যিনি ৮৬ বলে ৪৭ রানে ব্যাট করছিলেন। দুজনের জুটিতে এসেছে ১৬০ বলে ৯০ রান।
এর আগে শুরুর দিকটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই অঙ্কেও যেতে পারেননি। মোমিনুলের সঙ্গে শতরানের জুটিতে দলকে স্থিতি এনে দেন মুশফিক। পরে লিটনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে সামনে এগিয়ে নেন।
শততম টেস্টে সেঞ্চুরির তালিকায় আছেন যাঁরা
১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে প্রথম এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ (১৯৮৯), ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ (১৯৯০), ইংল্যান্ডের আলেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম উল হক (২০০৫) এই রেকর্ডের অংশ হন।
অস্ট্রেলিয়ার রিকি পন্টিং একমাত্র ব্যাটার যিনি শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলেন। হাশিম আমলা শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৩৪ রান।
ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই মাইলফলককে আরও উজ্জ্বল করেছেন ডাবল সেঞ্চুরিতে। রুট ২০২১ সালে ভারতের বিপক্ষে ২০০+, আর ওয়ার্নার ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ঠিক ২০০ রান।
এখন সেই গর্বের তালিকায় যোগ হলো বাংলাদেশের মুশফিকুর রহিমের নাম।





