বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন না। তবে ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুষ্ঠানে আসবেন, ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগে বাংলাদেশ সরকার মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। মোদি অংশ নিতে না পারার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতের এআই ইম্প্যাক্ট সামিট।


সূত্র জানিয়েছে, প্রতিনিধি হিসেবে ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর জানাজায় এস জয়শঙ্কর ঢাকায় উপস্থিত ছিলেন।


কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক থেমে গিয়েছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের উচ্চপদস্থ মন্ত্রীর আগমন দূরত্ব কিছুটা কমিয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের মন্ত্রীর অংশগ্রহণ দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।