ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

\r\n

ঘটনাটি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

\r\n

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

\r\n

জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ হওয়ার পরপরই হাদিকে হাসপাতালে আনা হয়।

\r\n

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার কিছু পর হাদিকে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

\r\n

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে একটি টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।