তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী চেং লি-উন শান্তি মিশন নিয়ে চীন সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার বৈঠক হতে পারে। চেং লি-উন এই সফরকে ‘শান্তি মিশন’ হিসেবে উল্লেখ করেছেন।
এ সফর এমন এক সময় হচ্ছে, যখন তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক চাপ বৃদ্ধি পেয়েছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে।
অন্যদিকে, তাইওয়ানের বিরোধী দল সম্প্রতি পার্লামেন্টে ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়ের একটি সরকারি প্রস্তাব ভেটো দিয়েছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।





