জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ চেয়ে আবেদন জানিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের সিনিয়র সচিব বরাবর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, মাঠপর্যায়ে সব ধরনের যাচাই-বাছাই ও নিবন্ধনের শর্ত পূরণের পর নির্বাচন কমিশন এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত ২০ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব গণমাধ্যমে জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে এ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশনের এ ধরনের অবস্থান ‘স্বেচ্ছাচারী, একরোখা ও অনভিপ্রেত’, যা কমিশনের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচনের প্রতি প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে।
আবেদনে আরও বলা হয়, প্রতীক তালিকায় শাপলাকে অন্তর্ভুক্ত করে কমিশনের উচিত হবে তাদের আগের সিদ্ধান্ত পর্যালোচনা করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা।
এনসিপি আশা করছে, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে তাদের পছন্দ অনুযায়ী ১. শাপলা, ২. সাদা শাপলা, বা ৩. লাল শাপলা প্রতীকের যেকোনো একটি বরাদ্দ দেবে, এবং আগের একপেশে অবস্থান থেকে সরে আসবে।





