২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় তাকে আসামি করা হচ্ছে।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
তিনি বলেন, তদন্তে মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সে অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ায় তাকে আসামি করা হবে।
এর আগে ‘জুলাই-আগস্ট’ সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এই আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি বর্তমানে আপিল বিভাগে আবেদন করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। ধর্ম অবমাননা ও বিভিন্ন দাবির ভিত্তিতে আয়োজিত ওই সমাবেশে লাখো মানুষ অংশ নেন। পরে সেই দিন ও রাতে মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।





